ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার রাতে চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন অ্যাব্বাস মাঝি (৪৬), মো. আলমগীর (৪৩) ও মো. আলমগীর হোসেন (৪১)। তারা সবাই তজুমুদ্দিনের বাসিন্দা এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল চর মোজাম্মেল এলাকায় তিনটি সন্দেহভাজন বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি পাইপ গান, তিনটি রকেট ফ্লেয়ার, ১৫ রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড রাইফেলের গুলি ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জব্দ করা আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


