রাজধানীর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান ইসলাম সাকিব ওরফে আসিফকে (২৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। পুলিশের দাবি, তিনি বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।
সোমবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোয়েন্দা রমনা বিভাগ জানায়, ১৫ সেপ্টেম্বর দুপুর সোয়া ১টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় রবিবার মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে সালমান ইসলাম সাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, আসিফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাত আড়াইটার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চারটি ককটেল সদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার গোয়েন্দা রমনা বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


