গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আনিছুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্।
গ্রেপ্তারকৃত আনিছুর রহমান উপজেলার শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মৃত আবর উদ্দিন ব্যাপারীর ছেলে।
এর আগে রোববার রাতে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। মামলায় বিস্ফোরক দ্রব্য প্রস্তুত, ককটেল বিস্ফোরণ ও তা দখলে রাখাসহ অন্তর্ঘাতী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ও দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। ভোর ৪টা ২৬ মিনিটে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা’র বাড়ির সামনে প্রথম বিস্ফোরণ হয়। এর দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চবিদ্যালয়ের সামনে দ্বিতীয় এবং ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণ ঘটে।
স্থানীয়দের দাবি, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। পরপর তিনটি বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কেউ হতাহত হননি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় আনিছুর রহমান নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার আসামিদের শনাক্তে তদন্ত চলছে।’


