এবার গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগ

এবার গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনার পর এবার দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত ১২টায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। হ্যাকিংয়ের পর গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের জানান, ষড়যন্ত্রের অংশ হিসেবে ধারাবাহিকভাবে জামায়াতে ইসলামীর নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে দলের আমিরের এক্স অ্যাকাউন্টে হামলার ঘটনার পর একই কায়দায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার রাত ৮টা ৩১ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টটিতে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয় জানায় দলটি। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার পর দ্রুত পোস্টটি মুছে ফেলা হয়। এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, দ্রুত সময়ের মধ্যে তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। একই সঙ্গে এ ধরনের গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

শনিবার বিকালে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। ওই মন্তব্যে ‘নারীবিদ্বেষী’ ও ‘অবমাননাকর’ ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে শনিবার রাতেই দলটির পক্ষ থেকে জানানো হয়, শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর