দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী।
রোববার রাতের এ ঘটনায় বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করাতে না পেরে ফিরিয়ে নেয়।
স্থানীয়দের ভাষ্য, রোববার রাত ১১টার দিকে কাংলা ইউনিয়নের ২৯ বিজিবির দৌদপুর বিওপি এলাকার ২৮৯/৪৬-এস নম্বর সীমান্ত পিলারের কাছে ২০ থেকে ২৫ জনের একটি দলকে জড়ো হতে দেখা যায়। বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন।
খবর পেয়ে দৌদপুর বিওপির একটি বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়।
দৌদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহবুবুর রহমান জানান, রাত ১১টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়ার একটি গেট খুলে ওই দলটিকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করে।
তিনি বলেন, স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। পরে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়।
মাহবুবুর রহমান আরও জানান, সোমবার সকালে সীমান্ত এলাকায় কোনো ভারতীয় নাগরিকের উপস্থিতি দেখা যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় পুশইনের চেষ্টা প্রতিহত হওয়ায় সীমান্ত এলাকায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি।


