রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬১টি মামলা করা হয়েছে।
সোমবার সকালে ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৪০ জন, গুলশান বিভাগে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে সাতজন রয়েছেন।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে একটি পিকআপ, একটি প্রাইভেট কার, পাঁচটি মোটরসাইকেল, একটি ধারালো ক্ষুর, পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি পিস্তলের ম্যাগাজিন, তিনটি পিস্তলের কাভার, একটি রান চাকু, দুটি স্টিলের ব্যাটন, দুটি চাকু, একটি ওয়ালেট, একটি ইলেকট্রিক শক মেশিন ও একটি কালো কটি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ১৩টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার টাকা, একটি ইয়াবা সেবনের পাইপ ও ফয়েল পেপার জব্দ করা হয়। একই অভিযানে দুই ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


