রাজধানী ঢাকার শাহআলীতে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনে রাস্তায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৬টায় তিনি মারা যান।
শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, মধ্যরাতে শাহআলী মহিলা কলেজের সামনের রাস্তায় চাকুসহ একজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরেই জানা যায় পাশেই এক যুবককে তিনি ছুরিকাঘাত করেছেন। আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি জানান, নিহতের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। বর্তমানে মিরপুর থানাধীন বড়বাগ এলাকায় থাকতেন। সাইনবোর্ড তৈরির কাজ করতেন তিনি। তবে এটি ছিনতাইয়ের ঘটনা, নাকি পুর্বশত্রুতা সেটি এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।


