সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক বই খোলা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ শোক বই খোলা হয়। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এই শোক বইয়ে স্বাক্ষর করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই শোক বই প্রশাসনিক ভবনের আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর জানিয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) মামুন আহমেদ, কোষাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যবৃন্দ, সাবেক উপ-উপাচার্যবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ এবং শিক্ষাবিদরা এই শোক বইয়ে সই করেছেন।


