বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে একাধিক নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার ।
বুধবার সকালে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (বইমেলা প্রাঙ্গণে) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তা কার্যক্রম মনিটরিং করা হবে। রাতেও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে দায়িত্ব তদারকি করবেন।
ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন থাকবে জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি জনসমাগমের কথা বিবেচনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলার প্রবেশপথে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশির পাশাপাশি থাকবে ম্যানুয়াল চেকিং।
ধারালো বস্তু, বিস্ফোরক বা দাহ্য পদার্থ নিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রায় ৩০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে। দক্ষ ডগ স্কোয়াড দিয়ে নিয়মিত সুইপিং পরিচালনা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
বইমেলা ঘিরে মব কিংবা নাশকতার কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, হকার, ছিনতাইকারী ও পকেটমার প্রতিরোধে ডিএমপির বিশেষ টিম কাজ করবে। নারী ও শিশুদের নিরাপত্তায় নেওয়া হয়েছে আলাদা ব্যবস্থা। এছাড়া থাকবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার (হারানো জিনিস জমা দেওয়া এবং খুঁজে পাওয়ার স্থান), ব্রেস্টফিডিং কর্নার, হেল্পডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডিবি, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও বিশেষায়িত টিম সোয়াটও প্রস্তুত থাকবে।
অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার টেন্ডার, অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। পর্যাপ্ত সার্চলাইট স্থাপন করা হবে রাতের নিরাপত্তার জন্য। রমজান ঘিরে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও থাকবে মেলায় আগত দর্শনার্থীদের জন্য।
বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আগামী ১৫ মার্চ পর্যন্ত মেলা চলবে।
এদিকে ডিএমপির এডিশনাল কমিশনার (ট্রাফিক) জানিয়েছে, মেলা উপলক্ষ্যে টিএসসি, দোয়েল চত্বর ও হাকিম চত্বর এলাকায় ডাইভার্শন কার্যকর থাকবে। পার্কিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান, মহসিন হল মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, ফুলার রোড ও জিমনেশিয়াম মাঠ। মেলা চলাকালে দিন ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।


