রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বামী, আহত স্ত্রী

রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বামী, আহত স্ত্রী
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি করে সোহেল রানা (৩৭) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তার স্ত্রী স্বাধীনা খাতুন (৩০)।

শনিবার রাত ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারা চরে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই এলাকার বাসিন্দা কালু মণ্ডলের ছেলে।

নিহতের বড় ভাই সেন্টু মণ্ডল জানান, শনিবার রাতে সোহেল রানা ও তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরের টিনে কয়েকবার আঘাত করলে বিকট শব্দে আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুর্বৃত্তরা হুমকি দিয়ে জানায় কেউ সামনে এলে গুলি করা হবে। এরপর তারা সোহেলের বাড়িতে ঢুকে পড়ে।

এ সময় সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষার জন্য কাঁথা-কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। তবে দুর্বৃত্তরা টিন কেটে ঘরের ভেতরে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সোহেল রানার পেটে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলিতে আহত হন তার স্ত্রী স্বাধীনা খাতুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন

সেন্টু মণ্ডল জানান, তার ভাই পূর্বে নাজমুল মণ্ডল হত্যা মামলার বাদী ছিলেন। সেই মামলার জের ধরেই কাঁকন বাহিনীর লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সুপ্রভাত মণ্ডল জানান, আগের একটি হত্যাকাণ্ডের বিরোধের জেরেই পরিকল্পিতভাবে রাতে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad