অস্বাস্থ্যকর পরিবেশে নকল ঘি উৎপাদনের দায়ে চট্টগ্রামের বহদ্দারহাটে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই অভিযানে আরও তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে বহদ্দারহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে এম আর কনজিউমারস প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে ঘি তৈরিতে দুধের পরিবর্তে পামওয়েল, কৃত্রিম ফ্লেভার ও রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। কর্মকর্তারা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে এসব উপকরণ দিয়ে নকল ঘি তৈরি করা হচ্ছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ‘ঘি মূলত দুধ থেকে তৈরি হওয়ার কথা। কিন্তু ওই প্রতিষ্ঠানে দুধের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।’
প্রতিষ্ঠানের মালিক অপরাধ স্বীকার করার পর উৎপাদিত পণ্য ও ব্যবহৃত উপকরণ ধ্বংস করা হয়। পরে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় পারভিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা, হোসেন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং আরিফের ফল বিতানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


