ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠাতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশ আশা করছে, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা জানান।
সম্প্রতি শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় হাইকমিশনারের দেওয়া বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের বিষয়ে আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, চুক্তির আইনি কাঠামো মেনেই তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেই আন্দোলন দমনে নির্বিচারে হত্যার আদেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে।
ঢাকায় মেটার অফিস চায় বাংলাদেশ
দেশে বিপুল সংখ্যক ব্যবহারকারী থাকায় অপতথ্য ও নানা অপপ্রচার বন্ধে ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’কে বাংলাদেশে আঞ্চলিক কার্যালয় খোলার আহ্বান জানিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সরকারের এই প্রস্তাবে মেটা ইতিবাচক সাড়া দিয়েছে এবং বিষয়টি বিবেচনা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়ানো একটি গুজবের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরণের গুজব ও অপতথ্য প্রতিরোধ করতেই ঢাকায় মেটার স্থানীয় অফিস থাকা প্রয়োজন।
তিনি বলেন, চীন ও মালয়েশিয়া সফরের মতো এবার জাতিসংঘ সাধারণ অধিবেশনেও প্রধানমন্ত্রী অত্যন্ত সংক্ষিপ্ত প্রতিনিধিদল নিয়ে অংশ নিয়েছেন। কোনো কোনো মহলে সান ফ্রান্সিসকো সফর নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা সত্য নয়। সেখানে প্রধানমন্ত্রীর যাওয়ার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। বরং আইসিটি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী ও অর্থ উপদেষ্টাসহ একটি বিশেষ প্রতিনিধিদলকে তিনি সান ফ্রান্সিসকোতে সুনির্দিষ্ট আলোচনার দায়িত্ব দিয়েছিলেন।


