জামায়াত নেতা আখতারুজ্জামানকে মুক্তি না দিলে প্রবাসীরা রেমিট্যান্স ‘শাটডাউন’ করার হুমকি দিয়েছেন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ও এর প্রভাব দেশের রেমিট্যান্স প্রবাহে পড়তে পারে।
রোববার বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শনিবার থেকে আপনারা অনলাইনে দেখছেন, সোশ্যাল মিডিয়াতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দারুণভাবে ক্ষুব্ধ হয়েছে, প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।’
প্রবাসীদের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা বলছেন যে তিনি প্রবাসীদের অধিকারের জন্য শহীদ হতে চেয়েছেন, আমাদের অধিকারের পক্ষে কথা বলেছেন, তাকে গ্রেপ্তার করে আমাদের অধিকারকে ক্ষুণ্ন করা হয়েছে।’
রেমিট্যান্স বন্ধের হুমকির বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘তারা হুমকি দিয়েছেন তাকে যদি মুক্তি দেওয়া না হয়, প্রয়োজনে আমরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা আবারও রেমিট্যান্স শাটডাউন করব।’
তিনি বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধাদের এই উদ্বেগ, এই উৎকণ্ঠা, আমি মনে করি তাকে মুক্তি না দিলে রেমিট্যান্সের প্রবাহকে কিন্তু প্রভাবিত করতে পারে। আমরা সেটার আশঙ্কা করছি। সরকার এগুলো বিবেচনায় নেওয়া উচিত।’
আখতারুজ্জামানের গ্রেপ্তারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন পরওয়ার। তিনি বলেন, বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে করা মামলাটি গ্রেপ্তারের মূল কারণ নয়।
তার ভাষায়, ‘বিমানবন্দরের ঘটনাটা আসলে তাকে গ্রেপ্তারের কোনো মুখ্য বিষয় না। এটাকে একটা উপলক্ষ বানিয়ে, উসিলা বানিয়ে তার উপরে রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ দেওয়ার জন্য সরকারি দলের নীতিনির্ধারকদের ইঙ্গিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার পর আখতারুজ্জামানের প্রতি বিএনপির একটি অংশের ক্ষোভ তৈরি হয়েছিল বলেও দাবি করেন তিনি। পরওয়ার বলেন, ‘বিএনপি ত্যাগ করে তিনি জামায়াতে ইসলামীতে আসলেন, এটা অনেকের সহ্য হয়নি।’
বিমানবন্দরে আখতারুজ্জামানসহ ৩৪ জন সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল দাবি করে তিনি বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘লাগেজ পেতে ঘন্টার পর ঘন্টা দেরি, তারপরেও ট্রলি পাওয়া যায় না।’
আখতারুজ্জামানের জামিন আবেদন নাকচ হওয়া নিয়েও সমালোচনা করেন তিনি। পরওয়ার বলেন, ‘রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে আমাদের আইনজীবীরা জামিন আবেদন করেছেন। আজকেও জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।’
আখতারুজ্জামানকে হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানোরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘আমি মনে করি মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান করা হয়েছে, এই হ্যান্ডকাপ এবং হেলমেট এবং জ্যাকেট পরিয়ে। আমরা এর তীব্র নিন্দা করছি।’
আখতারুজ্জামানকে অবিলম্বে জামিন দেওয়ার দাবি জানিয়ে পরওয়ার বলেন, ‘আমরা এই দাবি আজকে সরকারের কাছে পেশ করছি।’ একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার দাবিও জানান তিনি।
বিমানবন্দরের ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ তদন্তের দাবিও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘এ ব্যাপারে একটা অবিলম্বে তদন্ত কমিটি করা হোক।’বিমান মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমানবন্দরের লাগেজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের ভূমিকা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


