গাজীপুর প্রেসক্লাবে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদ ও বিতর্কিত সাংবাদিকদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
বুধবার গাজীপুর প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার সঙ্গে বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা যৌথভাবে এ কর্মসূচি পালন করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত ১৬ বছর গাজীপুর প্রেসক্লাবের দায়িত্বে থাকা কতিপয় ব্যক্তি ক্লাবটিকে অঘোষিতভাবে দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন। পেশাদারত্ব বিসর্জন দিয়ে তারা ক্লাবের ভেতর শেখ মুজিবুর রহমান, ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ রাসেলের জন্ম-মৃত্যু দিবসসহ বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করেন। দল বেঁধে টুঙ্গিপাড়ায় রাজনৈতিক কার্যক্রমও চালানো হয়। তৎকালীন প্রভাবশালী মন্ত্রী, এমপি ও সাবেক মেয়রের তোষামোদি করে এই চক্রটি বিপুল অর্থ-সম্পদ ও অবৈধ সুবিধা হাসিল করেছে।
বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর আন্দোলনের মুখে ক্লাবের বিতর্কিত কমিটি ভেঙে ‘তত্ত্বাবধায়ক মণ্ডলী’ গঠন করা হয়। এখন ফ্যাসিবাদের সহযোগীরা পুনরায় ক্লাবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে।
সাংবাদিক নেতারা জানান, তত্ত্বাবধায়ক মণ্ডলীর নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৯ জুন সাবেক কমিটির নেতারা অবৈধ সভা করেন। সেখানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গত ৩০ জুন প্রেসক্লাবের হলরুমে ফল উৎসবে সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর ও সাবেক মন্ত্রী মোজাম্মেলের ঘনিষ্ঠ, আওয়ামী লীগের পলাতক নেতা শওকত ওসমানকে প্রধান অতিথি করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিষিদ্ধ সংগঠনের এক নেতা। এতে সাধারণ সাংবাদিকরা ক্ষুব্ধ হয়েছেন।
মানববন্ধন থেকে ‘গর্জে উঠুক প্রতিবাদ নিপাত যাক ফ্যাসিবাদ, নিরাপদ হোক গাজীপুর প্রেসক্লাব’ স্লোগান দেওয়া হয়। সাংবাদিকরা বিতর্কিত সাবেক পুলিশ কর্মকর্তা (এসপি) হারুন-অর-রশীদ ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহযোগী সাংবাদিকদের ক্লাব থেকে বহিষ্কার ও বিচারের দাবি জানান। নেতারা হুঁশিয়ারি দেন, বিগত ১৭ বছর যারা স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখতে সহযোগিতা করেছেন, তাদের সদস্যপদ বাতিল করতে হবে। অবিলম্বে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম কাঞ্চনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, সদস্য ফারদিন ফেরদৌস, মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, খোরশেদ আলম, অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, হাফিজুর রহমান, মনির সরকার, মনজুরুল হক গাজী ও গোলাম রসুল দিনার প্রমুখ।


