চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার ভোর আনুমানিক ৪টার দিকে জেলার জীবননগর পৌর এলাকার নারায়ণপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়।
অভিযানের সময় শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অ্যামোনেশন, একটি স্মার্টফোন ও ১১টি সিম কার্ড উদ্ধার করা হয়। এ সময় শোরুমের মালিক গাজী জাহিদ হাসানকে (৩৬) আটক করা হয়।
আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা।
যৌথবাহিনী জানায়, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান। বিষয়টি নিয়ে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


