বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার এ কে এম শহিদুল ইসলামকে জামিন দিয়েছে আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানার আদালত এ আদেশ দেয়। আসামির আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি এরই মধ্যে কারাগার থেকে বের হয়েছেন। আগামী ১২ জানুয়ারি এ মামলায় তার অব্যাহতির বিষয়ে শুনানির জন্য ধার্য আছে।
আদালত থেকে জানা যায়, শনিবার আসামিকে আদালতে তোলা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক হাসানুজ্জামান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন এবং শুনানির জন্য রোববার ধার্য করার অনুরোধ করেন। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে শনিবার গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান। এ সময় তাকে নিয়ে কটুক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।


