রাজধানীতে তীব্র যানজটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অসংখ্য ভর্তিচ্ছু শিক্ষার্থী। অনেকেই নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে পৌঁছান, কেউ কেউ শেষ মুহূর্তে দৌড়ে কেন্দ্রে প্রবেশ করেন। কোথাও কোথাও পরীক্ষার্থীদের কান্নাকাটির ঘটনাও দেখা গেছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে মোট এক হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেন এক লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী। বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষাকেন্দ্র এলাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ। তিনি বলেন, ‘এ বছর অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার তুলনায় আজ (শনিবার) দেরিতে কেন্দ্রে পৌঁছানো শিক্ষার্থীর সংখ্যা ভয়াবহভাবে বেশি।’
‘আগের পরীক্ষাগুলোতে দেরিতে আসার ঘটনা খুব কম দেখা গেছে। কিন্তু আজ (শনিবার) শুধু কার্জন হল এলাকাতেই অন্তত শতাধিক শিক্ষার্থীকে দেরিতে কেন্দ্রে আসতে দেখা গেছে। এমনকি পরীক্ষা শুরুর ৩০ থেকে ৪০ মিনিট পরও অনেক পরীক্ষার্থীরা দৌড়ে কেন্দ্রে প্রবেশ করেছে’ বলেও জানান তিনি।
কলা অনুষদের সামনে ভর্তিচ্ছুদের সহযোগিতায় নিয়োজিত শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক মো. জহির রায়হান বলেন, ‘ভর্তি পরীক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে এখানে আসেন। ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীদের কেন্দ্র খুঁজে পেতেই সময় লাগে। তার ওপর তীব্র যানজট তাদের অবস্থা আরও বেহাল করে তুলেছে। অনেক শিক্ষার্থীকে আতঙ্ক ও হতাশা নিয়ে কেন্দ্রে ঢুকতে দেখেছি।’
এদিকে, কলা অনুষদের সামনে ইসলামী ছাত্রশিবিরের একটি হেল্প ডেস্কে দায়িত্বরত এক স্বেচ্ছাসেবক জানান, অধিকাংশ শিক্ষার্থী দেরিতে কেন্দ্রে পৌঁছান। তাদের সমস্যার কথা শোনার সময়ও ছিল না। সবাই দৌড়াতে দৌড়াতে কেন্দ্রে ঢুকেছে।
পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে দায়িত্ব পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। সংগঠনটির সিনিয়র রোভার মেট (প্রোগ্রাম) আতিকুর রহমান জানান, সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দিতে তারা একাধিক পরীক্ষাকেন্দ্রে যান এবং সর্বশেষ কার্জন হল কেন্দ্রে অবস্থান করেন তিনি।
তিনি বলেন, ‘কার্জন হল কেন্দ্রে দেখা গেছে পরীক্ষা শুরুর ২০ থেকে ৩০ মিনিট পরও অনেক পরীক্ষার্থী কান্নাকাটি করতে করতে কেন্দ্রে পৌঁছাচ্ছে।’
যানজটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আজ (শনিবার) ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ কর্মসূচি ছিল। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্বঘোষিত কর্মসূচি শেষ হতে প্রায় বিকাল ৩টা বেজে যায়। এসব কারণে রাস্তায় অতিরিক্ত যানজট তৈরি হয়, ফলে অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি।’
যানজটের কারণ হিসেবে একই বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. জহির রায়হান।
দিনাজপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা দিতে আসেন লিয়ন আহমেদ। রাজধানীর ফার্মগেটে মামার বাসা থেকে পরীক্ষার জন্য দেড়টার দিকে বের হন তিনি।
লিয়ন আহমেদ বলেন, ‘ফার্মগেট মেট্রো স্টেশনে গিয়ে টিকিট কিনেছিলাম। কিন্তু পরপর তিনটি মেট্রো চলে গেলেও ভিড়ের কারণে উঠতে পারিনি। পরে রিকশা ও সিএনজির সঙ্গে কথা বলি। কিন্তু জ্যামের কারণে কেউ যেতে রাজি হচ্ছিল না। পরে একটি বাইকে করে নিউ মার্কেট পর্যন্ত আসি। সেখান থেকে দৌড়ে কেন্দ্রে পৌঁছাতে হয়। এতে প্রায় ২০ মিনিট দেরি হয়।’
তিনি আরও বলেন, তাড়াহুড়োর কারণে প্রশ্ন সহজ হলেও কয়েকটির উত্তর ভুল হয়ে গেছে।
নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘শেষ পর্যন্ত যারা কেন্দ্রে এসেছে, তারা সবাই পরীক্ষায় অংশ নিতে পেরেছে। এখন পর্যন্ত আমরা একটি কেন্দ্র পর্যবেক্ষণ করেছি, সেখানে পাঁচ শতাংশেরও কম শিক্ষার্থী দেরিতে কেন্দ্রে প্রবেশ করেছে।’
দেরিতে আসা শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা?–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিযোগিতামূলক পরীক্ষা হওয়ায় কাউকে আলাদা কোনো সুবিধা দেওয়া হয়নি। তবে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিনে অনুষ্ঠিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সুবিধার্থে তিনটি অতিরিক্ত পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা শিক্ষার্থীদের জন্য এসব কেন্দ্র মিরপুর ও ফার্মগেট এলাকায় নির্ধারণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমআইএসটি থেকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে। এদিন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রোরেলও চলাচল করে।
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষ স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষাটি ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত সময়সূচি থেকে একদিন পিছিয়ে ২৮ ডিসেম্বর একই সময়ে আয়োজন করবে’ বলেও জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান টাইমস অব বাংলাদেশকে বলেন, গতকাল সকাল থেকে আশেপাশের এলাকাগুলোতে বেশ কয়েকটি প্রোগ্রাম ছিল। যার কারণে আমরা অনেক চাপে ছিলাম।’
এবারের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়।


