গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) না থাকলেও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সন্তানের সম্পদের হিসাব নিয়ে ভিন্নমত পোষণ করেছে বিএনপি।
রোববার প্রধান নির্বাচন কমিশনার এ এম এস নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই ভিন্নমত জানিয়েছেন দলটির নেতারা।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, আরপিওতে না থাকা সত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
নজরুল ইসলাম খান বলেন, ‘যে মনোনয়পত্র জমা দিতে হয় তার প্রতিটি কলাম পূরণ করতে হয়। সেখানে একটা জায়গায় বলা আছে সন্তানেরও আয়ের হিসাব দিতে হবে। কিন্তু আরপিওতে বলা আছে, আমরা সবাই জানি যে প্রার্থীর ওপর নির্ভরশীল যারা তাদের উপার্জন বা আয়ের হিসাব দিতে হয়। কিন্তু এবার তার সাথে সন্তান বলে কলাম করা হয়েছে। যেটা নিয়ে সব জায়গায় প্রশ্নের উদ্রেক হয়েছে। যে এটার মানেটা কী?’
‘কারণ অনেকের সন্তানরাই উপার্জনশীল এবং তাদের ওপর নির্ভরশীল নন। অনেকেই দেশের বাইরে থাকেন। অনেকেই আলাদা ট্যাক্স পেয়ার। এ বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে। যার জন্য আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি এবং চিঠি দিয়ে বিষয়টা নিয়ে আলোচনাও করলাম। বিষয়টা যদি খুব দ্রুত স্পষ্ট করা না হয়, যদি এটা থেকে যায় এভাবে তাহলে খুব সঙ্গত কারণেই সমস্যার সৃষ্টি হবে।’
বিএনপির নেতা বলেন, বৈঠকে সিইসিসহ অন্যরা জানিয়েছেন যে, তারা এটি বোঝাতে চাননি। তারা মূলত নির্ভরশীল সন্তানদের কথা বোঝাতে চেয়েছেন।
যেহেতু এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে তাই এটির ব্যাখ্যা দিতে নির্বাচন কমিশন রাজি হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া বিএনপি এআই ব্যবহার করে তথ্যের অপব্যবহার প্রতিরোধের বিষয়েও ইসিতে আবেদন করেছে বলে জানানো হয়।
এসময় বিএনপির এই নেতার কাছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাঙনের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘ঘোষিত আদর্শ অনুযায়ী সব রাজনৈতিক দলেরই জোট করার অধিকার রয়েছে। তবে জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তের কারণে দলের কিছু সদস্য দল ত্যাগ করছে। কারণ এনসিপির বর্তমান সিদ্ধান্ত তাদের পূর্বঘোষিত আদর্শের সঙ্গে মেলে না, যার ফলে দলে বিভাজন দেখা দিয়েছে।’
এর আগে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


