সাতক্ষীরার শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার বিকালে ৫৬৩ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. আবদুল্লাহ (৩৩), আবু হাসান (২২) ও নাজমুল (২৬)। তারা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড জানায়, মাদক চোরাকারবারীরা ভারত থেকে অবৈধ পথে মাদকের একটি বড় চালান নিয়ে এসে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা সেখানে বিশেষ অভিযান চালায়। এসময় সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোনসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, জব্দ করা আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।


