গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
নিয়নের স্বজনরা জানান, দুর্গাপূজার ছুটিতে তিনি বাড়িতে আসেন। গত বুধবার তিনি বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। বৃহস্পতিবার দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন নদী থেকে উঠে তীরে আসতে পারলেও নিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা শুরু করেছেন। তাদের সঙ্গে উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুর থেকে ডুবুরি দলের সদস্যরা যোগ দিয়েছেন।


