কেবল দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করে সমালোচনার মুখে পড়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।
গত বুধবার সকাল ১১টায় রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইউএনও তানজিলা।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।
বক্তব্যে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন ইউএনও। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। এ অবস্থায় রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে শুধু এ উপজেলা নয়, উত্তরবঙ্গের মানুষও উপকৃত হবেন। বিষয়টি যথাসময়ে মন্ত্রিসভায় উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
বক্তব্যের শুরুতে রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও। এ ছাড়া ভিজিএফের চাল বস্তাবন্দী করার উদ্যোগের প্রশংসা করেন তিনি। জানান, আগে চালের বস্তা ওঠানো-নামানোর ক্ষেত্রে সমস্যা হতো। নতুন উদ্যোগে সেই সমস্যা কমবে।
সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল নিয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান তানজিলা। তার মতে, এ উদ্যোগ চাকরিজীবীদের কাজের উদ্দীপনা বাড়াবে।
রাজারহাট উপজেলার জনমুখী প্রকল্পের বিষয়গুলো মন্ত্রীর নজরে আনলেও, তাকে ২৫ বার ‘স্যার’ ডেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত ভাইরাল হয়ে পড়েছেন তানজিলা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও আলোচনায় এসেছিলেন তানজিলা। ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারের ইউএনও থাকাকালে তিনি এক ব্যক্তিকে গ্রেপ্তারের হুমকি দেন। এ নিয়ে সেসময় সমালোচনা হয়েছিল।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।


