চুয়াডাঙ্গা জেলা কারাগারের এক সাজাপ্রাপ্ত আসামি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুকে ব্যথা অনুভব করায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই বুধবার রাত ১২টার দিকে তিনি মারা যান।
তার নাম আনোয়ার হোসেন (৬৪)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন জানান, পেনাল কোডের ৩২৪ ধারার একটি মামলায় আদালত আনোয়ার হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়। এরপর গত বছরের ৩০ সেপ্টেম্বর তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসেন। সাজা ভোগকালে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


