রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সেই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে পর্যটন এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণে বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এখনো পর্যটন এলাকায় অবস্থান করছেন এমন সব পর্যটককে দ্রুত এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।
এদিকে তিন দফা দাবির বাস্তবায়ন চেয়ে বৃহস্পতিবার থেকে আবারও রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন।
বুধবার দুই সংগঠনের নেতা নতুন জয় চাকমা ও বাবুধন চাকমা সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন। বিবৃতিতে পর্যটকদেরকে বুধবারের মধ্যে সাজেক পর্যটন এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়।
সংগঠন দুটি জানায়, অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে।
এর আগে বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে শারদীয় দুর্গোৎসবের প্রতি মর্যাদা ও সম্মান জানিয়ে গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছিল।


