নির্বাচনি দায়িত্ব পালন ছাড়াও সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলার ছয়টি সংসদীয় আসনে নির্বাচনি দায়িত্ব পালন করবে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।’
তিনি আরও বলেন, বিগত ২০২৫ সালে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪১ জনকে আটক করা হয়েছে। এই সময়ে মোট ৩৮ কোটি ২৭ লাখ ২৮৩ টাকার অধিক মূল্যের মালামাল ও মাদকদ্রব্য আটক হয়। ৯টি পিস্তল, ২১ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ২০২৫ সালে বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এতে ১১ হাজার ৫৩০ বোতল মদ,৬ কেজি ৪০৫ গ্রাম হেরোইন,৫৩ হাজার ৪৭৪ পিস ইয়াবা, ১৪ হাজার ৩৮১ বোতল ফেনসিডিল,১১৭ কেজি ৪৫৩ গ্রাম গাজা, ৫ কেজি ১১১ গ্রাম কোকেন, ১১৪ বোতল বিয়ার এবং ৬১ হাজার ২৩৫ পিস বিভিন্ন প্রকার মেডিসিনসহ সর্বমোট ৯ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৬ শত ৮৫ টাকার মাদক ও ২৮ জনকে আটক করে বিজিবি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ও মহেশপুর-৫৮ বিজিবির অন্যান্য সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় নজরদারি জোরদার করা এবং শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে বিজিবি।


