নির্দিষ্ট কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ বাস্তবায়নের দাবিতে ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল।
রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিটিএমএ নেতারা বলেন, দেশের সুতা উৎপাদনকারী মিলগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। মিল মালিকদের পুঁজি অর্ধেক হয়ে গেছে, ব্যাংকের টাকা পরিশোধের কোনো ব্যবস্থা নেই। সব সম্পত্তি বিক্রি করে দিলেও শোধ করা যাবে না। অথচ এমন পরিস্থিতিতেও দেশের সুতাশিল্প রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ নেই।
বিটিএমএ নেতারা বলেন, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ’র সঙ্গে আলোচনার পর বাণিজ্য মন্ত্রণালয় ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার সুপারিশ করেছিল। কিন্তু এই সুপারিশ বাস্তবায়নের কোন কার্যক্রম দেখা যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে অবিলম্বে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের দাবি জানান বিটিএমএ’র সভাপতি। তা নাহলে ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।


