নির্বাচনী প্রচারের প্রথম দিনে লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের চারজন আহত হন।
ফেস্টুন টানানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৬নং ওয়ার্ড) পশ্চিম চরমনসা গ্রামের রিফুজি মার্কেট এলাকায় এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন বিএনপির কর্মী মো. শাহজাহান, ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন ও অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ রেজাউল করিমের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ফেস্টুন টানানোর জন্য তার সমর্থকরা রিফুজি মার্কেট এলাকায় যান। ওই সময় বিএনপির কর্মী শাহজাহান তাদেরকে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে উভয় পক্ষ থেকেই চারজন আহত হন। এ ঘটনার পর বিএনপি কর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


