কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে প্রার্থিতা ফিরে পাননি বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তার দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
এর আগে রিটার্নিং অফিসারের যাচাই-বাছাইয়ে গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী দ্বৈ নাগরিকত্বের কারণে গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন গফুর ভূঁইয়া। বৃহস্পতিবার শুনানি শেষে রিট আবেদন খারিজের আদেশ দেয় বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ।
হাইকোর্টের এ আদেশের ফলে গফুর ভূঁইয়া আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। অবশ্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তার আপিল বিভাগে আপিল করার সুযোগ রয়েছে।


