আগামী ২৮ মে ঈদুল আযহা। তার মাত্র ২ সপ্তাহ পর থেকে ফুটবল বিশ্বকাপ। তাছাড়া বৃষ্টির মৌসুম। সব মিলিয়ে এবারের ঈদে দেশীয় ওটিটিগুলোতে খুব বেশি আয়োজন নেই। বেশিরভাগই আগের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো প্রিমিয়ার করছে। ২১ মে থেকে চরকিতে ‘দম’, উৎসবে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবং ২৪ মে থেকে হইচই-এ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাচ্ছে। তবে সম্পূর্ণ নতুন সিরিজ, ওয়েব ফিল্ম মাত্র দুটি।
কাজী আনোয়ার হোসেনের গল্পে ‘সারার সংসার’
কাজী আনোয়ার হোসেনের উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘সারার সংসার’। পরিচালক আলা রেজা গালিব জানান, ফরিদুর রেজা সাগরের উৎসাহেই কাজটি করার অনুপ্রেরণা পান তিনি। সাগর তাকে বলেছিলেন, কাজী আনোয়ার হোসেনকে অনেকেই শুধু মাসুদ রানার লেখক হিসেবে চেনেন, কিন্তু তার ঔপন্যাসিক সত্তা নিয়ে কাজ প্রায় হয়ই না। সেই কথাটিই গালিবের মনে গেঁথে যায়।
গালিব বলেন, বেশ কয়েক বছর আগেই উপন্যাসটি পড়েছিলেন তিনি। মা-মেয়ের সম্পর্ক, চিরন্তন আবেগ আর থ্রিলিং উপাদানের মিশেলে গল্পটি তাকে সেই থেকেই টানছিল। তার ভাষায়, “এটি এমন এক গল্প, যেটি যেকোনো সময়ের দর্শকের সঙ্গে কানেক্ট করবে। গল্পটা মূলত পরিবারকেন্দ্রিক, কিন্তু এর মধ্যে একটা থ্রিল আছে।”
চিত্রনাট্য রচনার দায়িত্ব নেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। পরিচালক মনে করেন, লেখকের পারিবারিক উত্তরাধিকার বহন করার কারণে তিনিই এ কাজটি সবচেয়ে আন্তরিকভাবে করতে পারবেন।
ফিল্মটির কেন্দ্রীয় আকর্ষণ সাদিয়া ইসলাম মৌ। গালিব জানান, গল্পটি পড়ার পর থেকেই ‘সারা’ চরিত্রে তিনি মৌ ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারেননি। মৌ সাধারণত অত্যন্ত বেছে কাজ করেন এবং নিজেকে মূলত নৃত্যশিল্পী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে গল্পের সিনোপসিস পড়েই তিনি রাজি হয়ে যান।
ফিল্মের গল্পে দেখা যাবে, বিপদের মুখে পড়ে মেয়েকে রক্ষা করতে এক মা কতটা মরিয়া হয়ে উঠতে পারেন। পরিচালক বলেন, এই জায়গাটিই তাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। “মৌয়েরও মেয়ে আছে, আমারও মেয়ে আছে। তাই গল্পের আবেগটা আমরা দুজনেই খুব গভীরভাবে অনুভব করতে পেরেছি।”
শুটিং অভিজ্ঞতায় মৌয়ের পেশাদারিত্বের বিশেষ প্রশংসা করেন গালিব। তার মতে, সময়মতো কাজ করা এবং সেটে সম্পূর্ণ মনোযোগী থাকার কারণে তার সঙ্গে কাজ করা ছিল বেশ সহজ ও আনন্দদায়ক। পাশাপাশি গাজী রাকায়েতের ভূয়সী প্রশংসাও করেন পরিচালক। তিনি বলেন, গাজী রাকায়েত শুধু নিজের অভিনয়েই মনোযোগ দেননি, নতুন শিল্পীদের নানাভাবে সহযোগিতাও করেছেন। নতুন মুখ প্রমি ফিল্মটিতে মৌয়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।
সীমান্তের গল্প ‘তাজমহল’
বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা এক প্রেমের আখ্যান নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘তাজমহল’। ওয়াহিদ আনাম পরিচালিত এই ফিল্মে মুমতাজ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সৃজা দত্ত এবং তাজ চরিত্রে বাংলাদেশের তরুণ অভিনেতা ফাইজুল ইয়ামিন। বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে ঈদুল আজহার দিন, অর্থাৎ ২৮ মে থেকে ফিল্মটি দেখা যাবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান ও মালিহা মেধা।
গল্পের পটভূমি সিলেটের সীমান্তবর্তী এলাকা, তাই পুরো শুটিংও সেখানেই হয়েছে।
বাংলাদেশের ওটিটিতে এটি সৃজা দত্তের প্রথম কাজ। ২০২৩ সালে দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ ছবির মাধ্যমে টালিউডে অভিষেক হয় তার। এরপর দেব অভিনীত ‘টেক্কা’ ছবিতেও দেখা যায় তাকে। হইচই-এর সিরিজ ‘নিশির ডাক’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান এই অভিনেত্রী।
অন্যদিকে, প্রায় দেড় দশক আগে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন ফাইজুল ইয়ামিন। দীর্ঘদিন বিদেশে পড়াশোনা শেষে দেশে ফিরে অভিনয়ে নিয়মিত হন। গত বছর ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ দিয়ে নাটকে অভিষেক ঘটে তার। এরপর রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ ছবিতে ‘শাকিল’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। ‘পেজ টার্নার’ ও ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নাটকেও তার অভিনয় দর্শকদের মধ্যে প্রশংসা পেয়েছে।


