চলনবিল অঞ্চলে সৌরশক্তি চালিত ভাসমান বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা বিস্তারের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫ পেয়েছে ‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’।
বুধবার রাজধানীর হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে এক অনুষ্ঠানে সংস্থাটি এই পুরস্কার গ্রহণ করে। ইউনেস্কো ঢাকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও অফিস প্রধান ড. সুসান ভাইজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যুরো অব নন-ফরমাল এডুকেশনের (বিএনএফই) মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী ও ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের (ক্যাম্পে) নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী।

শুরুতে ইউনেস্কো ঢাকার শিক্ষা বিভাগের প্রধান নোরিহিদে ফুরুকাওয়া ‘ডিজিটাল যুগে সাক্ষরতার প্রসার’ বিষয়ের ওপর একটি উপস্থাপনা পরিবেশন করেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকায় শিক্ষা পৌঁছে দিতে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম শিক্ষায় অন্তর্ভুক্তি বাড়ায়, ভবিষ্যৎ প্রজন্মকে সক্ষম ও আত্মবিশ্বাসী করে তোলে। সরকার এই কার্যকর উদ্যোগগুলোকে উৎসাহিত ও সম্প্রসারণে কাজ করছে।’


