আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘোষিত এই দলে চমক বলতে কেবল তাজ নেহারের অন্তর্ভূক্তি। বাদ পড়েছেন সর্বশেষ শ্রীলংকা সিরিজ দিয়ে ৭ বছর পর ওয়ানডে দলে ফেরা শারমিন সুলতানা।
তাজ নেহার সর্বশেষ শ্রীলংকা সিরিজেও ছিলেন রিজার্ভ বেঞ্চে। এখন পর্যন্ত খেলেছেন সাত টি-টোয়েন্টি, যার মধ্যে সর্বশেষটি খেলেছেন ২০২৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে লক্ষ্যণীয় ব্যাপার, বিশ্বকাপ যেখানে খেলা হবে ইংল্যান্ড ও ওয়েলসের পেস সহায়ক কন্ডিশনে, সেখানে বাংলাদেশের স্কোয়াডে কেবল দুই পেসার, মারুফা আক্তার ও ফারিহা তৃষ্ণা।
এ নিয়ে অবশ্য সীমাবদ্ধতার কথা গোপন করেননি নারী দলের দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সালমা খাতুন। সোজাসাপ্টা জবাবেই বলেছেন, পাইপলাইনে পেসার নেই বলেই কেবল এই দুইজনকে নিয়েই স্কোয়াড সাজাতে হয়েছে তাদের। তাজ নেহারকে দলে টানার ব্যাখা তারা দিয়েছেন, তার বিভিন্ন পজিশন ব্যাট করতে পারার সক্ষমতা নিয়ে।
এছাড়া বছরজুড়ে নিয়মিত টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারদেরই রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে। অধিনায়ক নিগার সুলতান জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার। টপ অর্ডারে দিলারা আক্তার জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারির সাথে আছেন শারমিন সুপ্তা। স্পিনে রাবেয়া খান, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার।
আগামী ১২ জুন পর্দা উঠতে যাওয়া নারী বিশ্বকাপের মূলপর্ব বাংলাদেশ নিশ্চিত করে নেপালে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে। সেই ধারাবাহিকতায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এডিনবরায় স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই উদ্দেশ্যে আগামী ২৫ মে দেশ ছাড়বেন জ্যোতিরা।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।


