‘কাভি আলবিদা না ক্যাহনা’-এর গল্প আবার ফিরছে, তবে এবার ভিন্ন ফরম্যাটে। পরিচালক করণজোহর জানালেন, তার এই আলোচিত সিনেমাটিকে ওয়েব সিরিজ হিসেবে নতুনভাবে নির্মাণের পরিকল্পনা চলছে।
২০০৬ সালে মুক্তির পর ছবিটি যেমন বাণিজ্যিকভাবে সফল হয়েছিল, তেমনি বিষয়বস্তুর কারণে তৈরি করেছিল বিতর্কও। শাহরুখ খান, রাণী মুখার্জী ও প্রীতি জিনতার জুটির পাশাপাশি অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। বিশেষ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও কিরন খের। ভারতীয় বক্স অফিসে প্রায় ৪৫ কোটি এবং বিশ্বব্যাপী ১১০ কোটি রুপি আয় করেছিল ছবিটি।
সম্প্রতি ‘দ্য উইক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর বলেন, গল্পটিকে দীর্ঘ সিরিজ আকারে ফিরিয়ে আনার জন্য একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছে এবং খুব শিগগিরই কাজ শুরু হতে পারে। তার মতে, বর্তমান সময়ের জটিল সম্পর্কের গল্প সিরিজ ফরম্যাটে আরও বিস্তৃতভাবে বলা সম্ভব। তাই এটি কেবল রিমেক হবে না, বরং আধুনিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করা হবে।
তবে নতুন সিরিজে আগের তারকারা থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
মূল সিনেমাটিতে বিবাহবহির্ভূত সম্পর্ক, দাম্পত্যের টানাপোড়েন এবং মানসিক দূরত্বের মতো সংবেদনশীল বিষয় উঠে এসেছিল। সে সময় অনেকেই এই বিষয়বস্তুকে বিতর্কিত হিসেবে দেখেছিলেন। এ প্রসঙ্গে করণ জোহরের বক্তব্য ছিল স্পষ্ট—সমাজে যা বিদ্যমান, তিনি শুধু সেটাকেই পর্দায় তুলে ধরেছেন।


