মেহেরপুরের মুজিবনগরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এক বাসিন্দা তার ১১ বছর বয়সী ছেলেকে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দাখিল হিফজখানার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, মাদ্রাসার আরবি শিক্ষক নুর উদ্দিন (২৫) বিভিন্ন সময়ে তার ছেলেকে কক্ষে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন।
খবর পেয়ে শিশুটির বাবা দ্রুত মাদ্রাসায় আসেন। এ সময় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছেলের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হন। স্থানীয়দের দাবি, আরও কয়েকজন শিশুর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা মাদ্রাসা ঘেরাও করে। পরে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


