ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
একই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা দেয় আদালত। এই মামলার আরো ১০ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফরিদ ও মো. মাসুদ মিয়া।
মামলার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট আবু জাকারিয়া মিন্টুকে আসামিরা কুপিয়ে হত্যা করে। পরদিন নিহত মিন্টুর স্ত্রী বাদী হয়ে ১৬ জনের নামে মামলা করলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেয়।
পরে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে ঘটনার ১৩ বছর পর আদালত এই রায় ঘোষণা করে।


