প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিলনায়তনে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মির্জা ফখরুল বলেন, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা দীর্ঘদিনের সমস্যা। অর্থনৈতিক কেন্দ্র হওয়ায় রাজধানীতে মানুষের চাপ বাড়ছে। ফলে নগর ও বর্জ্য ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সবাই নিজ দায়িত্বে সচেতন হলে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন সম্ভব।
তিনি আরও বলেন, নাগরিক শৃঙ্খলা ও সচেতনতায় আধুনিক নগর সংস্কৃতি গড়ে তুলতে হবে। এআই নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার মতো তদারকি ও সচেতনতায় বর্জ্য ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে সরকার।
বিশেষ অতিথি মীর শাহে আলম বলেন, নগর ব্যবস্থাপনার সমন্বয়হীনতা দূর করতে সিটি কর্পোরেশনগুলোকে স্বাবলম্বী করা সময়ের দাবি। রাজউক, ওয়াসা, বিদ্যুৎ বিভাগ ও ট্রাফিক পুলিশকে একক আইনি কাঠামোর আওতায় আনা সম্ভব। প্রধানমন্ত্রী এ বিষয়ে সদিচ্ছা রয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়ে তিনি দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন।
তিনি জানান, বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে আমিনবাজার ও মাতুয়াইলে দুটি ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নেওয়া হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সচেতনতা গড়তে আগামী বছরের প্রাথমিক পাঠ্যপুস্তকে নৈতিকতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত কাজ প্রয়োজন। ব্যক্তি ও পারিবারিক পর্যায় থেকে একে শক্তিশালী সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, ঢাকা ওয়াসা এমডি মো. আমিনুল ইসলাম, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


