বিডি ক্লিনের সঙ্গে কাজ করবে দুই সিটি করপোরেশন

বিডি ক্লিনের সঙ্গে কাজ করবে দুই সিটি করপোরেশন
ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ করতে বিডি ক্লিনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে দুই সিটি করপোরেশন ও বিডি ক্লিনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে বিডি ক্লিনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও টেকসই করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, দুই সিটি করপোরেশন সংগঠনটিকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে এবং বৃক্ষরোপণ কর্মসূচির জন্য চারা সরবরাহ করবে।

মীর শাহে আলম বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। অসচেতনভাবে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে ড্রেন, খাল ও জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

তিনি এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি কার্যক্রমের ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর কথাও বলেন।

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদারের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের নেতৃত্বে দুই সদস্যের একটি গবেষক দলকে ঢাকা মশক নিবারণী দপ্তরের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার নির্দেশনা দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিডি ক্লিনের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। সংগঠনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার বিডি ক্লিনের কার্যক্রম তুলে ধরে তা আরও সম্প্রসারণে সরকারের সহযোগিতা কামনা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad