গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আশরাফ ফারুকী লিটন (৫৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ ফারুকী লিটন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পালপাড়া গ্রামের বাসিন্দা।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে করে আশরাফ ফারুকী লিটন কাশিয়ানী থেকে নিজ বাড়ি পোনা গ্রামে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি আরও বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


