ছাত্রশিবির ‘গুপ্ত রাজনীতি’র মাধ্যমে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে তুলেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পর রোববার ভোরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের একাংশ বিক্ষোভ শুরু করেন। এই ঘটনার পরপরই ফেসবুক পোস্টে নাছির উদ্দীন লেখেন, ‘আমরা দেখেছি, গুপ্ত সংগঠন শিবির তাদের গুপ্ত শাখার কর্মীদের লেলিয়ে দিয়ে ছাত্ররাজনীতি বন্ধ করার জন্য মব সৃষ্টি করেছিল বিভিন্ন ক্যাম্পাসে। যারা এই মবের নেতৃত্ব দিয়েছে পরবর্তীতে তারাই গুপ্ত সংগঠনের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে।’
তিনি আরও যোগ করেন, ‘শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে। ছাত্ররাজনীতিতে অংশগ্রহণের সুযোগ, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার।’
ছাত্রদলের এই নেতা তিতুমীর কলেজের একটি ঘটনার উদাহরণ টেনে বলেন, ‘কিছুদিন আগে তিতুমীর কলেজে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করেছিল ছাত্রীসংস্থার কর্মীরা। সেখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা মুনতাসীর পরবর্তীতে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইবলিসও লজ্জা পাবে এই সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখলে।’
ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘একইভাবে ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। গুপ্ত বাহিনী অবিলম্বে এই মব সন্ত্রাস ও হয়রানি বন্ধ না করলে আমরা কঠোর প্রতিরোধ গড়ে তুলব।’
নাছির ইডেন কলেজ প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, ‘আপনারা সবার রাজনৈতিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করুন। শিবিরের কূটচালের সামনে মাথানত করবেন না। অন্যথায়, সমগ্র দেশ থেকে গুপ্ত রাজনীতির অবসান ঘটানো হবে এবং সকল শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’


