বিশ্বখ্যাত মার্শাল আর্ট শিল্পী ও হলিউডের অ্যাকশন তারকা চাক নরিস মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ৮৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার ইনস্টাগ্রামের মাধ্যমে তার পরিবার এই মৃত্যুসংবাদ নিশ্চিত করে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুর সময় তিনি প্রিয়জনদের মাঝেই ছিলেন।
পরিবারের অনুরোধে মৃত্যুর নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। তবে মার্কিন গণমাধ্যমের খবরে জানা গেছে, গত ১০ মার্চ নিজের ৮৬তম জন্মদিন উদযাপনের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাওয়াইতে বন্ধুদের সঙ্গে অনুশীলন ও প্রশিক্ষকের সঙ্গে স্প্যারিং করছিলেন তিনি, যা তার শারীরিক সক্ষমতার ইঙ্গিত দেয়।
এক আবেগঘন বার্তায় নরিস পরিবার তাকে বিশ্বের কাছে ‘শক্তির প্রতীক’ হিসেবে উল্লেখ করে। একই সঙ্গে তাকে একজন নিবেদিতপ্রাণ স্বামী, বাবা, দাদা ও ভাই হিসেবে স্মরণ করা হয়। পরিবার জানায়, বিশ্বাস, শৃঙ্খলা ও ভালোবাসায় ভরা তার জীবন লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে এবং বিশ্বজুড়ে প্রভাব রেখে গেছে।
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরিবার আরও জানায়, হাসপাতালে থাকার সময় পাওয়া দোয়া ও সমর্থনের জন্য তারা কৃতজ্ঞ। নরিস নিজেও তার ভক্তদের কেবল ভক্ত নয়, বরং বন্ধু হিসেবে দেখতেন।
১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন নরিস। কৈশোরে তিনি যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সে যোগ দেন এবং দক্ষিণ কোরিয়ায় কর্মরত অবস্থায় মার্শাল আর্ট শেখা শুরু করেন।
পরবর্তীতে তিনি একাধিক ব্ল্যাক বেল্ট অর্জন করেন এবং ১৯৬০-এর দশকে একজন সফল কারাতে চ্যাম্পিয়ন হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৭২ সালে ‘ওয়ে অব দ্য ড্রাগন’ চলচ্চিত্রে ব্রুসলির বিপরীতে অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে।
তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘মিচিং ইন অ্যাকশন’ (১৯৮৪) এবং ‘দ্য ডেলটা ফোর্স’ (১৯৮৬)। এ ছাড়া ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রচারিত টেলিভিশন সিরিজ ‘ওয়াকার’, ‘টেক্সাস রেঞ্জার’ -এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
২০১২ সালে ‘দ্য এক্সপেন্ডেবলস-২’ এ অভিনয়ের পর বড় পর্দা থেকে সরে এসে তিনি মার্শাল আর্ট স্কুল প্রতিষ্ঠা এবং বিভিন্ন ফিটনেস কর্মসূচি নিয়ে কাজ শুরু করেন। ২০০০-এর শুরুতে ইন্টারনেটে তার অতিরঞ্জিত শক্তি নিয়ে তৈরি জনপ্রিয় কৌতুকের মাধ্যমে তিনি এক সাংস্কৃতিক আইকনেও পরিণত হন। পরিবার তার এই শোকের সময় ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে।


