ব্রিটিশ রাজপরিবারের বহুল আলোচিত সদস্য প্রিন্সেস ডায়নাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন একটি প্রামাণ্যধারাবাহিক। আগে কখনও প্রকাশ না হওয়া দীর্ঘ ব্যক্তিগত কথোপকথনের অডিওর ওপর ভিত্তি করে তৈরি এই সিরিজে তার জীবন উঠে আসবে তার নিজের কণ্ঠেই।
‘ডায়ানা: দ্য আনহার্ড ট্রুথ’ শিরোনামের তিন পর্বের এই ধারাবাহিকটি মুক্তি পাবে ২০২৭ সালে, যা তার মৃত্যুর ৩০ বছর পূর্তির সময়ের সঙ্গে মিলে যাচ্ছে। ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
এই প্রামাণ্যধারাবাহিকের মূল উপাদান প্রায় পাঁচ ঘণ্টার কথোপকথন, যা ডায়ানা করেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সার্জন ড. জেমস কোলথ্রাস্টের সঙ্গে। পরবর্তীতে এই রেকর্ডগুলোর ভিত্তিতেই অ্যান্ড্রু মর্টনের ১৯৯২ সালের আলোচিত বইটি লেখা হয়েছিল।
প্রযোজনা প্রতিষ্ঠান লাভ মানডে টিভি জানিয়েছে, সিরিজটি আধুনিক ইতিহাসের অন্যতম আলোচিত এক জীবনের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। এতে ডায়ানার ব্যক্তিগত অনুভূতি, সংগ্রাম, আত্মপরিচয়ের খোঁজ এবং রাজপরিবারের কেন্দ্রবিন্দুতে থেকেও নিজের অবস্থান খুঁজে পাওয়ার গল্প উঠে আসবে।
প্রযোজকদের মতে, এই কাজ দর্শকদের সামনে ডায়ানাকে নতুনভাবে হাজির করবে—তার দৃঢ়তা, সংবেদনশীলতা এবং মানবিক দিকগুলো আরও গভীরভাবে অনুধাবনের সুযোগ তৈরি করবে।


