ফরিদপুরের মধুখালীতে ইটবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মধুখালী উপজেলার আশাপুর গ্রামের তামিম মিয়া (২৫) ও তার স্ত্রী শিমলা বেগম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম ও শিমলা মোটরসাইকেলে করে মধুখালী থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথে জুট মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রলি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তামিম মিয়া মারা যান।
স্থানীয়রা গুরুতর আহত শিমলা বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


