দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোনামহীন ঘোষণা করলো তাদের জনপ্রিয় গান ‘এই অবেলায়’–এর সিক্যুয়েল ‘এই অবেলায় ২’। এটি ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর সমাপ্তি গান হিসেবে মুক্তি পাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডে। ভিডিওটি প্রযোজনায় সহযোগিতা করেছে দি প্রিমিয়াম হোমস লিমিটেড। বাংলা ও ইংরেজি দুই ভার্সনেই গানটি প্রকাশ পাবে।
‘এই অবেলায় ২’-এর কথা লিখেছেন জিয়াউর রহমান। সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। এতে মডেল হয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান। এর কিছু দৃশ্যে অভিনেতা তৌসিফ মাহবুবের স্থিরচিত্র ব্যবহার করা হয়েছে। গানটির অফিসিয়াল টিজার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
এছাড়াও মুক্তি পেয়েছে ‘বাতিঘর’ অ্যালবামের নবম গান ‘ক্লান্ত কফিশপ’। গানটির কথা ও সুর করেছেন শেখ ইশতিয়াক।
‘ক্লান্ত কফিশপ’ প্রকাশের পরই কানাডার টরন্টোর উদ্দেশ্যে ফ্লাইটে উঠবেন শিরোনামহীন সদস্যরা। এটি দলটির প্রথম কানাডা সফর।


