বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী মহাবিদ্যালয়ের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।
সোমবার কলেজের গভর্নিং বডির জরুরি সভায় প্রভাষক সোহেলী আক্তারের বিরুদ্ধে এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। সোহেলী মহাবিদ্যালয়টির গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক।
জানা গেছে, গত শনিবার শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তার ছবিসংবলিত একটি ফটোকার্ড পোস্ট করেন সোহেলী সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।
ওই পোস্টকে কেন্দ্র করে রোববার কলেজে অসন্তোষজনক পরিস্থিতির সৃষ্টি হলে অধ্যক্ষের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নেন তিনি। পরবর্তীতে সোমবার অনুষ্ঠিত গভর্নিং বডির সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে কলেজ প্রশাসনের এই সিদ্ধান্ত গ্রহণ নিয়ে তৈরি হয়েছে প্রক্রিয়াগত প্রশ্ন। কারণ, সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত ওই শিক্ষককে কোনো লিখিত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি এবং সাময়িক বরখাস্তের বিষয়টির লিখিত কপিও তাকে হস্তান্তর করা হয়নি।
কারণ দর্শানোর নোটিশ না দেওয়া প্রসঙ্গে কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টিও আমরা আলোচনা করছি, শিগগিরই দেওয়া হবে।’
সাময়িক বরখাস্তের বিষয়টি পুরোপুরি না মেনে কলেজ কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি কেবল শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ নয়। কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম অভিযোগ করেন, ‘তিনি একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। একজন কর্মচারীর এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়া শৃঙ্খলাপরিপন্থী। কলেজের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই তাকে বরখাস্ত করা হয়েছে।’
অন্যদিকে, এই প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে প্রভাষক সোহেলী জানান, তিনি অফিশিয়ালি কিছু জানেন না। প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কি না তা আনুষ্ঠানিকভাবে জানি না। এমনকি আমার কী অপরাধ, সেটাও স্পষ্ট করা হয়নি। তাই এ বিষয়ে আমার কিছু বলার নেই।’


