নরসিংদীর মাধবদীতে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ নির্যাতনের পর হত্যার করার জঘন্যতা আইয়ামে জাহেলিয়ার বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিট।
শুক্রবার এক বিবৃতিতে এই মন্তব্য করে সংগঠনটি।
সংগঠনের সভানেত্রী নুরুল সাবিহা, সহ-সভানেত্রী কোহিনুর বেগম ও সমন্বয়কারী হাফেজা বুশরা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘একটি সভ্য দেশে এমন ঘটনা চলতে পারে না, মেনে নেওয়া যায় না।’
বিবৃতিতে তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের অল্প সময়ের মধ্যেই এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রমাণ করে যে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ব্যর্থতা দেখা দিয়েছে। বিশেষ করে নারীদের ইজ্জত-সম্ভ্রম ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার শুরুতেই ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তারা।
নারী নেতারা বলেন, ‘দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।’ তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রভাবশালীদের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের ওপর চাপ সৃষ্টি ও এলাকা ছাড়ার হুমকির অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। কোনো প্রভাবশালী ব্যক্তিকেই ছাড় দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
সংগঠনটির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং নিহত শিশুর রূহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।


