রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংককগামী বিএস-২১৭ ফ্লাইটের দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম নামে এক যাত্রীর লাগেজ থেকে লুকানো অবস্থায় ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড ও ৭ হাজার ৮৪১ থাই বাথ উদ্ধার করা হয়। যার মোট মূল্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।
এ ছাড়া আল আমিন মোল্লা নামে অপর এক যাত্রীর লাগেজ থেকে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল ও ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।
দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা বৈদেশিক মুদ্রার সম্মিলিত মূল্য দাঁড়ায় ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা। এ ঘটনায় সিআইআইডি ফৌজদারি মামলা করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানানো হয়েছে।
কাস্টমস গোয়েন্দা জানায়, অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে।


