সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না। সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখে আপিল বিভাগের আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চের দেওয়া আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর বিষয়টি জানিয়েছেন খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু।
তিনি বলেন, আদালতের অনুমতি নিয়েই খায়রুল হককে দেশত্যাগ করতে হবে।
এর আগে ছয়টি মামলায় জামিন পাওয়ার পর গত ৩০ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খায়রুল হকের ছেলে মো. আশিক উল হক।
রিটের শুনানি শেষে হাইকোর্ট সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুলও জারি করা হয়।
হাইকোর্টের ওই অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ৯ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আবেদনটির শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।


