রংপুরে সাংবাদিককে ‘মব করে’ মারপিট, গ্রেপ্তার ১

রংপুরে সাংবাদিককে ‘মব করে’ মারপিট, গ্রেপ্তার ১
গ্রেপ্তার রতন মিয়া। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে ‘মব সৃষ্টি করে মারধরের’ অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রকাশ করায় সিটি কর্পোরেশনে ‘তুলে নিয়ে মারধর’ ও ‘প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টার’ অভিযোগে এ মামলাটি করেন সাংবাদিক বাদল।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতাউর রহমান জানান, ‘রোববার নগরীর কাচারী বাজার এলাকা থেকে একুশে টেলিভিশন এবং দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে “জুলাই যোদ্ধা” পরিচয়ে একদল যুবক সিটি কর্পোরেশনের ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তার করা নিউজ ভুল হয়েছে বলে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য তার রুমের কাছে নিয়ে আটকে রাখে। পরে অন্যান্য সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করেন।’

ওসি আরও জানান, ‘সিটি কর্পোরেশনের নতুন ভবনের সামনে সাংবাদিকরা অবস্থান শেষে চলে যাওয়ার সময় আবারও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা মব তৈরি করে সাংবাদিকদের আটকে রাখে এবং হেনস্তা করে। এ ঘটনায় লিয়াকত আলী বাদল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।’

আরও পড়ুন

গ্রেপ্তার রতন মিয়া (৩২) নগরীর পূর্ব অভিরাম ডাক্তার পাড়ার বাসিন্দা। সোমবার রাত দশটায় রংপুর মহানগরীর শাপলা চত্বর হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৭ সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে একটি সংবাদ লেখেন। ওই সংবাদের জেরেই তাকে তুলে নিয়ে মারধরের ঘটনা ঘটে।

বাদলকে হেনস্তার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad