নিউইয়র্কে আখতারকে আ.লীগের হেনস্তা: গ্রেপ্তার এক, বিক্ষোভের ডাক এনসিপির

নিউইয়র্কে আখতারকে আ.লীগের হেনস্তা: গ্রেপ্তার এক, বিক্ষোভের ডাক এনসিপির
নিউইয়র্কে হামলার পর এনসিপি নেতা আখতার সাংবাদিকদের বলেন, ‘আমরা ভয় পাই না।’ ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও হেনস্তার  ঘটনায় দেশটির পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ওই হামলার পরপরই নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে তারা গ্রেপ্তারকৃতর নাম প্রকাশ করেনি। পরে অবশ্য তার নাম মিজানুর রহমান বলে জানা যায়। তিনি স্থানীয় যুবলীগ কর্মী।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এনসিপি। দলের ফেসবুক পেজে কেন্দ্রীয় এ কর্মসূচি জানিয়ে সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এনসিপি নেতা আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

এদিকে, নিউইয়র্কে ওই হামলার পর এনসিপি নেতা আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ‘হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিই-বা আসে যায়! আমরা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, করবো না। “খুনি হাসিনার” বিচার বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।’

প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপি সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনৈতিক নেতারা  স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিক্ষোভের মুখে পড়েন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে সোমবার বিকাল ৫টার দিকে নিউইয়র্ক পৌঁছেন নেতারা।

আরও পড়ুন

নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এনসিপি নেতা আখতারের গাড়ির সামনে শুয়ে পড়ে বাধার সৃষ্টি করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিমানবন্দরের বাইরে গাড়িতে ওঠার সময় আখতার হোসেনের দিকে ডিম ছোঁড়া হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা তার সাথে ছিলেন। ডিম ছোঁড়ার পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাসনিম জারাকে লক্ষ্য করে কটুক্তি করেন এবং বিক্ষোভ করতে থাকেন।

বিমানবন্দরের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আখতার হোসেনের পিঠে দুটি ডিম লাগে; তবে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর আখতার হোসেন ও তার সফরসঙ্গীরা গাড়িতে উঠে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন আওয়ামী লীগ নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়েন এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

নিউইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে,  রাতে বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকরা সমবেত হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। সেখানে আওয়ামী লীগ সমর্থকেরা গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে প্রতিবাদ জানাতে থাকেন।

এনসিপি নেতা আখতার হোসেন স্থানীয় সাংবাদিকদের দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিচার দাবি করেছেন। এ ঘটনার মাধ্যমে নিউইয়র্কে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad