দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় আন্তর্জাতিক বাজার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর লিমিটেডের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে।
সোমবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভায় মোট পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর মধ্যে দুই কার্গো কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুমোদিত প্রথম কার্গোটির প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার। এ কার্গো কিনতে সরকারের ব্যয় হবে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা। আগামী ২৩ থেকে ২৪ আগস্টের মধ্যে কার্গোটি দেশে পৌঁছানোর কথা রয়েছে।
দ্বিতীয় কার্গোটি আগামী ৪ থেকে ৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য নির্ধারণ করা হয়েছে। এ কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার। এটির জন্য ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা। দুই কার্গো মিলিয়ে সরকারের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।
গ্যাসের সরবরাহ ঘাটতি মোকাবিলা এবং দেশের বিদ্যুৎ ও শিল্প খাতের চাহিদা পূরণে এলএনজি আমদানির মাধ্যমে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।


