রাজধানীর গুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমিতে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগকে জমি দখলবাজি-সহায়ক উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে নিয়মবহির্ভূত এ উদ্যোগ অবিলম্বে বাতিল করে যথাযথ তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘ওয়াসা একটি সরকারি প্রতিষ্ঠান এবং এর সম্পদের মালিকানা জনগণের। এ ধরনের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় দরপত্র আহ্বানের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
টিআইবির অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবশালী বিবেচনায় একটি প্রতিষ্ঠানের একক প্রস্তাবের ভিত্তিতে রাজধানীর অভিজাত এলাকার গুরুত্বপূর্ণ স্থানে ওয়াসার বিশাল সম্পত্তিতে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটির মতে, এটি সংশ্লিষ্ট আইন ও নীতিকাঠামোর সুস্পষ্ট লঙ্ঘন।
ইফতেখারুজ্জামান বলেন, প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান না করে স্বল্প সময়ের মধ্যে কমিটি গঠনসহ লোকদেখানো প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাবকারী প্রতিষ্ঠানের হাতে জমি দখলবাজির সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে।
এ উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে উদ্যোগটি অবিলম্বে বাতিল এবং বিষয়টি যথাযথভাবে তদন্তের দাবি জানান।
টিআইবির পক্ষ থেকে আরও বলা হয়, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য অনুযায়ী, প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো ধরনের চাপের মুখে নয়, বরং ঢাকা ওয়াসার স্বার্থ বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজউক থেকে ইজারাপ্রাপ্ত জমি উন্নয়নের নামে একটি বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, অথচ রাজউক এ বিষয়ে অবগত নয়। তার দাবি, স্বার্থান্বেষী মহলের কারসাজি ও বিশেষ গোষ্ঠীগত স্বার্থে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকা ওয়াসা যদি প্রাতিষ্ঠানিক স্বার্থে ওই জমিতে ভবন নির্মাণ বা উন্নয়নমূলক কাজ করতে চায়, তাহলে যথার্থতা যাচাই করে বিদ্যমান নীতিকাঠামো অনুসরণ করতে হবে। সম্ভাব্য সর্বোচ্চ স্বার্থ রক্ষায় উন্মুক্ত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা জানিয়েছে টিআইবি।
একই সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ, ভয় বা প্রভাবের ঊর্ধ্বে থেকে ঢাকা ওয়াসা যাতে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।


