ঢাকা থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পায়রা নদীতে ডুবে নিখোঁজ হওয়া রাবেয়া আক্তার জুঁই (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৩৩ ঘণ্টা পর সোমবার সন্ধ্যা ৬টার দিকে তালতলীর জয়ালভাঙা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুঁই রাজধানীর মিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
জানা গেছে, ঢাকা থেকে বরগুনা সদরের লতাকাটা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় জুঁই। রোববার সকালে স্বজনদের সঙ্গে সে পার্শ্ববর্তী পায়রা নদীতে গোসল করতে নামে। ভালো সাঁতার না জানায় হঠাৎ জোয়ারের তোড়ে নদীর গহিনে তলিয়ে যায় সে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন
সোমবার সন্ধ্যা ৬টার দিকে তালতলীর জয়ালভাঙা নলবুনিয়ার তাপবিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন পায়রা নদীর তীরে ওই কিশোরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


